ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঘরে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীরগতি ও যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। তবে মঙ্গলবার দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যান চলাচল করতে দেখা যায়। এর আগে সোমবার বিকেল থেকেই মহাসড়কে স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচল শুরু হয়।
বিশেষ করে টাঙ্গাইলের গোড়াই বাসস্ট্যান্ড, আশেকপুর বাইপাস, রাবনা বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো। মহাসড়কে গণপরিবহনের তুলনায় ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যাই বেশি দেখা গেছে।
গণপরিবহন সংকটের কারণে অনেক যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে করে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে গন্তব্যে যেতে দেখা গেছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কয়েকটি দুর্ঘটনা ও কিছু যানবাহন বিকল হয়ে পড়ায় সাময়িক ধীরগতি সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে প্রায় এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

