ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে রুমানা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার মৈশানী ইউনিয়নের মেসন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমানা ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড় চলাকালে রুমানা নিজ বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পাশের একটি বড় গাছ উপড়ে গিয়ে ঘরের ওপর পড়ে। পরিস্থিতি বুঝে স্বামী-স্ত্রী দ্রুত ঘরের ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে গাছের একটি অংশ রুমানার শরীরের ওপর পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রুমানার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

