এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, যুবকের জেল-জরিমানা

এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, যুবকের জেল-জরিমানা

রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেট আংশিকভাবে ঢেকে চলাচল করার অভিযোগে এক যুবককে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম লাবলু হক (৩৮)। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান।

তিনি জানান, গত ১৯ মে এক মোটরসাইকেলচালক তার নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢেকে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ২১ মে বিষয়টি ডিএমপির নজরে আসে। এ ধরনের কৌশল অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

আনিছুর রহমান বলেন, ছবিতে চালকের মুখ স্পষ্ট দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা ছিল বেশ চ্যালেঞ্জিং। তদন্তকারীরা রাজধানীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে একই ধরনের মোটরসাইকেল শনাক্ত করেন। পাশাপাশি আংশিক দৃশ্যমান নম্বরপ্লেটের তথ্য মিলিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর সিটিটিসির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়।

তিনি আরও জানান, অভিযুক্তকে বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, পুলিশের মূল লক্ষ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং মানুষকে আইন মেনে চলতে উৎসাহিত করা। তবে কেউ ইচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে নাগরিকদের সহযোগিতায় ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। উন্নত বিশ্বের মতো একটি স্বয়ংক্রিয় ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে ডিএমপি। তবে প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *