এলপিজি সিলিন্ডারের দাম কমল
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। জুন মাসে তা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এপ্রিল মাসে দুই দফা দাম সমন্বয় করা হয়। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে এর মূল্য ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল।
এদিকে, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩ মে অটোগ্যাসের সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়। তখন প্রতি লিটারের দাম ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
বিশ্ববাজারে এলপিজির মূল্য পরিবর্তন এবং আমদানি ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে দেশের বাজারে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করে থাকে বিইআরসি।

