আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব ছিল এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান ইস্যুতে নেওয়া সিদ্ধান্ত তার নিজের এবং তিনি না থাকলে বর্তমানে ইসরায়েলের অস্তিত্বই থাকত না।
বুধবার (৩ জুন) প্রকাশিত ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ট্রাম্প। খবর আল-জাজিরার।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যুদ্ধ শুরু করেছি আমি নিজেই। এই পদক্ষেপ নেওয়ার কারণ আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না।”
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্রভাবিত করেছিলেন—এমন দাবি নাকচ করে ট্রাম্প বলেন, এ ধরনের অভিযোগ মূলত তার রাজনৈতিক প্রতিপক্ষদের কাছ থেকে আসছে।
তিনি বলেন, “ওরা শুধু ডাম্বোক্র্যাটস। এরা এমন মানুষ, যারা জানেই না তারা কী করছে।”
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার উদ্বেগ নতুন নয়। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ থেকেই তিনি বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছিলেন। সে সময় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত, কারণ সম্ভবত তারাই প্রথম আঘাতের শিকার হতো। আর আমি না থাকলে এখন ইসরায়েল বলে কিছু থাকত না।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
পড়ুনঃ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: নিহত ১, আহত ৬০-এর বেশি

