মার্চে খেলাপি ঋণের হার বেড়ে ৩২.২৬ শতাংশ, অঙ্ক ছাড়াল ৫.৮৮ লাখ কোটি টাকা
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ও হার উভয়ই বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।
মঙ্গলবার (২ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। সে হিসাবে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। ডিসেম্বর শেষে এ পরিমাণ ছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে নতুন ঋণ বেড়েছে ৩ হাজার ৭৫৩ কোটি টাকা।
খেলাপি ঋণ বৃদ্ধির কারণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এখনও হতাশাজনক। পূর্বের খেলাপি ঋণের সঙ্গে সুদ যুক্ত হওয়ায় খেলাপি ঋণের মোট পরিমাণ এবং হার উভয়ই বেড়েছে।
তিনি আরও জানান, ঋণের চাহিদা বৃদ্ধি, বন্ধ কারখানা পুনরায় চালু এবং অর্থনীতির গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণার উদ্যোগ নিয়েছে।
ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ক্রমবর্ধমান প্রবণতা আর্থিক খাতের স্থিতিশীলতা এবং নতুন ঋণ বিতরণে চাপ তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

