ঈদে বিদ্যুৎ বিভ্রাটের তথ্য দ্রুত জানাতে মসজিদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ
ঈদের সময় বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য দেশের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরের তালিকা বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটিকালীন সংশ্লিষ্ট কর্মকর্তারা যেসব এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। পাশাপাশি তারা পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন সচিব, বিদ্যুৎ বিভাগ বরাবর প্রেরণ করবেন।
এ ছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সরবরাহ বন্ধ থাকলে গ্রাহক অসন্তোষ কমাতে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে তথ্য জানাতে বলা হয়েছে। একই সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ উদ্দেশ্যে স্থানীয় মসজিদের নাম এবং সংশ্লিষ্ট ইমাম বা মুয়াজ্জিনদের নাম ও মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে পাঠানোর পাশাপাশি বিতরণকারী সংস্থা বা কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখতে হবে।

